ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের তিনদিন পর ব্যাটারি চালিত অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার দাশুড়িয়ায় ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের মানিককর এলাকায় রাস্তার পাশে নির্জন স্থানে হাত-পা বাঁধা ও অর্ধ উলঙ্গ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোভ্যান চালক ইমান আলী প্রামানিক (৬০) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামের জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান আলী পেশায় একজন অটোভ্যান চালক। তিনি বেশির ভাগ সময় রাতেই অটো ভ্যান চালাতেন। এরই ধারাবাহিকতায় ইমান আলী সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে অটো ভ্যান নিয়ে বের হন। পরদিন মঙ্গলবার সকালে তিনি ফিরে আসেননি। তাঁর কোনো খোঁজখবরও পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে উঠেন। পরে তাঁর নিখোঁজ নিয়ে এলাকায় ব্যাপক মাইকিং ও মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানায় একটি জিডি করা হয়। আজ বুধবার সন্ধ্যায় এলাকায় খোঁজাখুঁজির এক পর্যায়ে দাশুড়িয়ার মানিককর এলাকায় সড়কের পাশে একটি নির্জন স্থানে এলাকাবাসী অটো ভ্যান চালকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন।
ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা সত্যতা স্বীকার করে জানায়, আজ সন্ধ্যা সাতটায় খবর পেয়ে দাশুড়িয়ার মানিককর এলাকায় গিয়ে দেখা গেছে মরদেহটি উপুর হয়ে হাত-পা বাঁধা ও অর্ধ-উলঙ্গ অবস্থায় ছিল। তবে তার অটো ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ইমান আলীকে হত্যা করে তার অটো ভ্যানটি নিয়ে গেছে।
0 Comments