ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহার। নানা বাবুল সরদার নাতনিকে নিয়ে গিয়েছিল ট্রেন দেখাতে। কিন্তু সেই ট্রেন দেখে আর ঘরে ফেরা হলো না দুজনের। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজনই।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের বাঘইল দোতালা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন মুনতাহার। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বঘাইল দোতালা সাঁকোর ওপরে উঠে। এসময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুনতাহার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নাতনিকে ট্রেন দেখাতে এসে সান্টিং ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments