ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র সংগঠক ইব্রাহিম রহমান (২১) কে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গতকাল (বৃহস্পতিবার ) রাত আনুমানিক ১০ টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের গলিতে হামলার এই ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম শহরের পুর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হামলাকারীরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন (২৩) তাদের সহযোগি আরও কয়েকজন।
এর আগে গত বছরের ২১ ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ৭/৮ জন বৈষম্য আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে হত্যার চেষ্টা স্বরূপ পিটিয়ে আহত করে।
আহত ইব্রাহিম জানান, ঘটনার সময় তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এসময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার উপর হামলা করেন। সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করেন। এ সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদারগন অস্ত্রধারী শাকিলকে বাধাগ্রস্থ করেন।

পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করেছে। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরন করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।
0 Comments