ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনায় একজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ল্যাপটপ, মোবাইল ফোন,স্বর্ণ ও রুপার অলংকারসহ বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী মো. লিখন আলী পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। লিখনের বাড়ি সেমিপাকা। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১৯ ডিসেম্বর রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা বাড়ির জানালার গ্রিল খুলে বাঁশের লগা দিয়ে শোবার ঘরের দরজার ছিটকানি খুলে ভেতরে ঢোকে। চোরেরা ঘরের শোকেস ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, পাঁচ ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপার অলংকার, দুটি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ঈশ্বরদী থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে চুরির ঘটনায় জড়িত মো. তানভীর হাসান রিপনকে (৩৫) গ্রেপ্তার করে। রিপন ঈশ্বরদী থানার মহাদেবপুর এলাকার বাসিন্দা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘রিপন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। রিপনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, সাত আনা পাঁচ রতির ওজনের স্বর্ণালংকার এবং দুই ভরি আট আনার রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, চুরির ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বাকি চোরাই মালামাল উদ্ধারের অভিযানও অব্যাহত রয়েছে।
চুরির ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে। আটক রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments