ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পল্লী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে গ্রামীন এলাকায় নারীদের স্বাবলম্বী করতে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে আজ রোববার ১লা ডিসেম্বর দুপুরে ৩৫ জন গ্রাম্য নারীকে বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়।
গ্রাম্য নারীদের স্বাবলম্বী করার প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, নারী উন্নয়ন সংস্থার সিইও শফিকুল ইসলাম, উপ-পরিচালক সিরাজুল মনিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আব্দুল আলীম।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে, এক সাথে কাজ করতে হবে। পুরুষের মতো বর্তমানে নারীরাও এক ধাপ এগিয়ে। বিমান চালক, রেলগাড়ি চালক, বিভিন্ন যানবাহন চালানোর পাশাপাশি সরকারি বে-সরকারি অফিস, আদালত, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে নারীরা শিক্ষকতা করছেন। গ্রামের বাড়ির আশপাশে আঙ্গিনায় অনেক জায়গা ফাঁকা পড়ে থাকে। সেখানে সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অবশিষ্ট সবজি হাট-বাজারে বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব।
বক্তারা আরও বলেন, একই পরিবারের নারী-পুরুষ দুজন একত্রে কাজ করলে সেই পরিবার আর্থিক ভাবে দ্রুত এগিয়ে যাবে। সংসারে আসবে সচ্ছলতা। ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করতে পারবে। সংসারে অভাব অনটন থাকবে না। গ্রামের নারীরা বসে না থেকে কৃষি কাজে মনোযোগ দিলে পুরুষের থেকে অনেক ভালো কাজ করতে পারবে। দেশের উন্নয়নে গ্রামীন নারীদের স্বাবলম্বী করতে পল্লী নারী উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে।
0 Comments