Header Ads Widget

News Portal Advertisement

Welcome to Our News Portal

Stay updated with the latest news and trending stories from around the globe.

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিল ও গ্রাহকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:পাবনার ঈশ্বরদীতে হয়রানিমূলক বৈদ্যুতিক প্রিপেইড মিটার স্থাপন বাতিল ও গ্রাহকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি না মানায় এবার 'নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো'র বিরুদ্ধে গ্রাহক পদযাত্রা এবং স্মারকলিপি হস্তান্তর কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে বিদ্যুৎ গ্রাহকদের স্থানীয় সংগঠন, 'সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী'র ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এতে বক্তব্য দেন সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়কারী মাহবুবুর রহমান পলাশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন, সহসভাপতি সুমার খান, অধ্যাপক হাসানুজ্জামান, সাহিত্য পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, বীর মুক্তিযোদ্ধা পি,এম আজাদ, শিল্প ও বণিক সমিতি নির্বাহী সদস্য সেলিম আহমেদ, নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সংগঠক সুলতান মাহমুদ বিদ্যুৎ, হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আহসান হাবিব প্রমুখ।
প্রেসক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়কে পদযাত্রা সহকারে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে 'বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা' বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে ৪ দফা দাবির কথা উল্লেখ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঈশ্বরদীতে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল, আন্দোলনকারী ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নেসকো ঈশ্বরদী'র নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরের অপসারণ এবং মিটার রিডার নজরুল ইসলামের শাস্তি প্রদান। স্মারকলিপি হস্তান্তরের পর জোট সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গ্রাহক ও নাগরিক জোটের নেতৃবৃন্দ এসময় নতুন কর্মসূচির কথা জানান। সমন্বয়কারী মাহবুবুর রহমান পলাশ বলেন, দীর্ঘদিন থেকে আমরা ঈশ্বরদীতে নেসকো'র লুটেরা প্রিপেইড মিটার বন্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি; বরং প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন করায় এখানকার ২০১ জন বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় গেল সপ্তাহে প্রিপেইড মিটার বিরোধী সমাবেশে সংকট সমাধানে চার দফার দাবিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ঘোষিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকে আন্দোলন আরও বেগবান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী রোববার ১৬ নভেম্বর ঈশ্বরদী শহরে গণঅনশন ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিগত এক বছর ঈশ্বরদীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ গ্রাহকেরা। সর্বশেষ গত ২ নভেম্বর বিদ্যুৎ গ্রাহকদের চার দফার দাবিতে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ২৯ অক্টোবর ঈশ্বরদী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে ২০১ জন গ্রাহকেরা বিরুদ্ধে মামলা দায়ের করেন নেসকো ঈশ্বরদী'র নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর। গ্রাহকেরা অভিযোগ করেন, নেসকো নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর চাকুরী বিধি লঙ্ঘন করে ঈশ্বরদীতে প্রায় পাঁচ বছর অফিস করছেন। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অপসারণ করে তার বিরুদ্ধে তদন্ত করার দাবি জানান গ্রাহকেরা।

Post a Comment

0 Comments