ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন)-এর পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় আইসিএনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক, সেলিম আহমেদকে যুগ্ম আহবায়ক এবং তানবীর হাসান সুমনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া এ. কে. এম. সাজেদুজ্জামান জিতু ও নাজমুল হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গ্রাহক সন্তুষ্টি ও সেবার মানোন্নয়নে আইসিএনের ঐক্য, দক্ষতা ও নেতৃত্ব অপরিহার্য। নবগঠিত কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী হয়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভা শেষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্কের সভাপতি মো. রেজাউল করিম নবগঠিত আহবায়ক কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আইসিএনের নবগঠিত আহবায়ক কমিটি সেবা উন্নয়ন প্রযুক্তি সম্প্রসারণ ও সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে আইসিএনের সাবেক পরিচালক কাজল সরদার জানান, এই আহবায়ক কমিটি আগামী এক মাসের জন্য দায়িত্ব পালন করবে। মেয়াদকালে তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক (আইসিএন) ঈশ্বরদী পৌর এলাকা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের জন্য কেবল টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া সেবা দিয়ে আসছে। নতুন আহবায়ক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
0 Comments