ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমির এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। জামায়াতের কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতী পক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ এপ্রিল) বিকেলে মুলাডুলি বাজারে এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে অধ্যাপক আবু তালেব মন্ডল বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ব্যবসায়ীরাও তাকে শুভেচ্ছা জানান।
গণসংযোগকালে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘আমিা সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। একটি সুশৃঙ্খল, উন্নত ও নিরাপদ সমাজ গড়তে নিরলসভাবে কাজ করব। জনগণের সমস্যার সমাধান নিশ্চিত করে ঈশ্বরদী-আটঘরিয়াকে একটি মডেল এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য। তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
গণসংযোগে অধ্যাপক আবু তালেব মন্ডলের সঙ্গে ছিলেন ঈশ্বরদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক আমির মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান মাস্টার, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক শাহিনুল আলম, সেক্রেটারি মাওলানা ফোরকান আলী প্রমুখ।
গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
0 Comments