ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের কৃষকদের মাঠের ফসল গত কয়েকদিন থেকে চোরেরা চুরি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাতের যে কোন সময় জাতীয় পদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগম, রবিউল ইসলাম রবি বিশ্বাস, আশাদুল মন্ডল, আবদুর রশিদ, রিপন হোসেন, মাহাবুল মন্ডল ও রতন প্রামানিকের মাঠ থেকে চোরেরা প্রায় ২০ মন বেগুন চুরি করে নিয়ে গেছে।

কৃষক আশাদুল মন্ডল বলেন, অনেক কষ্ট করে মাঠে ফসল ফলাই। কিন্তু সেই ফসল চোরের কারণে মাঠ থেকে তুলে আমরা বিক্রি করতে পারছি না। আমরা গরীব কৃষক এই ফসল বিক্রি করে আমাদের সংসার চলে। চোরের কারণে আমাদের পথে বসতে হবে। চোর থেকে মাঠের ফসল রক্ষায় সংবাদ পত্রের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাইছি।
জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগম বলেন, গত কয়েক দিন থেকে বক্তারপুর গ্রামে আমাদের মতো কৃষকদের মাঠ থেকে চোরেরা ফসল চুরি করে নিয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে বেগুনের মূল্য অনেক কম। কৃষকদের উৎপাদিত সবজির মূল্য কমে যাওয়ায় এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে। এরপর চোরেরা কৃষকদের কাছে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে। মাঠ থেকে গত রাতে চোরেরা প্রায় ২০ মন বেগুন চুরি করে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে কৃষকদের না খেয়ে মরতে হবে।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার বলেন, কৃষকের মাঠের ফসল চুরির বিষয়ে লোকমুখে শুনেছি। কৃষকেরা রোদ বৃষ্টিতে ভিজে তাদের মাঠে ফসল ফলায়। সেই ফসল চুরি হয়ে গেলে কৃষকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকের মাঠের ফসল চুরিরোধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
0 Comments