ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে নতুন কুঁড়ি আঞ্চলিক প্রতিযোগিতার দু'টি বিষয়ে ইয়েস কার্ড পাওয়ায় ক্ষুদে শিল্পী তানিশা হাসান তোবাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'শিশু নিকেতন ঈশ্বরদী'র পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। তোবা এই প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী।
আয়োজক সূত্রে জানা গেছে, রাজশাহী শিল্পকলা একাডেমিতে ২৪ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ টেলিভিশনের 'নতুন কুঁড়ি ২০২৫' আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে ৬৮১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তোবা 'কবিতা আবৃত্তি ও 'গল্পবলা' প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন কুঁড়ি ইয়েসকার্ড পায়। তার এই কৃতিত্বে শিশু নিকেতনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিল্পী কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় অভিষিক্ত করা হয় তোবাকে।
শিশু নিকেতনের সংগঠক সুলতানা পারভিন হীরার সভাপতিত্বে এবং ফয়সাল জাহানের সঞ্চালনায় সংবর্ধনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব খোন্দকার মাহাবুবুল হক দুদু, শিক্ষক অঞ্জনা দাস, তোবার বাবা তানভির হাসান ও মা আয়েশা আশরাফী প্রমুখ।
0 Comments